Durga Puja Weather Alert: আজ, রবিবার থেকে রাজ্যে শুষ্ক আবহাওয়া, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে পুজোর মুখেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ।

পুজোর মুখেই নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে৷ নিম্নচাপের জেরে পুজোতেও বৃষ্টির সম্ভাবনা৷ তবে, রবিবার থেকে রাজ্যে শুষ্ক আবহাওয়ারও শুরু৷ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও বুধবার পর্যন্ত বজায় থাকতে পারে শুষ্ক আবহাওয়া। বুধবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি
পুজোর মুখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের মধ্যে নিম্নচাপটি তৈরি হতে পারে বলে ইঙ্গিত। ইতিমধ্যেই আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকতে পারে। পঞ্চমী থেকে সপ্তমীর মধ্যে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা।